ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি : আইনমন্ত্রী

৪ নভেম্বর, ২০২১ ১৪:৫৬  
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নিয়ে কঠোর হচ্ছে সরকার। এক্ষেত্রে আইসিটি সেলের সবুজ সঙ্কেতের পরই আমলে নেয়া হবে মামলা। এছাড়াও মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে। এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে তাক্ষণিকভাবে তাদের অ্যারেস্ট যাতে না করা হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা সেভাবেই করা হবে।’ তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি বলেও এসময় দাবি করেন তিনি। মন্ত্রী আরো বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।